প্রতিনিধি 29 November 2025 , 5:05:23


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
“যুবসমাজকে সঠিক পথে ফেরাতে হলে খেলাধুলার বিকল্প নেই”— এমন দৃঢ় মন্তব্য রেখে শাহজিবাজার ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ। শনিবার ২৯ নভেম্বর বিকেলে শাহজিবাজার বড় মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের তরুণরা নানা প্রলোভনে পথ হারাতে বসেছে। খেলাধুলার প্রতি অনীহা তৈরি হওয়ায় বেড়েছে মাদক, অপরাধ ও নৈতিক অবক্ষয়। মাঠগুলোতে প্রাণ ফিরলে, নিয়মিত ক্রীড়া চর্চা বাড়লে তরুণরা আবারো সঠিক পথে ফিরবে।” তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দেশে রাজনৈতিক কালো অধ্যায়ের অবসান ঘটেছে। অতীতে রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রীড়াক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ কমেছিল। এখন পরিবর্তনের নতুন সময়— খেলাধুলার বিকাশ যেমন জরুরি, তেমনি যুবসমাজকে রাজনৈতিকভাবে সচেতন করাও প্রয়োজন।”
হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সম্পর্কে তিনি বলেন, “আমাদের অভিভাবক, জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল ধানের শীষ প্রতীক পেয়েছেন। তিনি মানুষের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন। নির্বাচিত হলে খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক–সংযোগ ও অবকাঠামোসহ সর্বক্ষেত্রে নজিরবিহীন উন্নয়ন হবে।” দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষে ভোট দিতে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, “মাদক ও সন্ত্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে খেলাধুলাকেন্দ্রিক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার, সমাজ ও প্রতিষ্ঠান— তিন পক্ষের সহযোগিতায়ই ক্রীড়ার উন্নয়ন সম্ভব।”
উদ্বোধনী অনুষ্ঠানের পর অনুষ্ঠিত ফাইনালে রতনপুর একাদশকে টাইব্রেকারে ৫–৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ধর্মমন্ডল একাদশ। নির্ধারিত ৯০ মিনিটে উভয় দল গোলশূন্য ড্র করে।
শাহজিবাজার বড় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। শ্লোগান, করতালি, বাঁশির শব্দে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে মাঠ জুড়ে।
ইউথ সোশ্যাল অর্গানাইজেশন আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি মোঃ আবদাল মিয়া বলেন, “খেলাধুলা সমাজের অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। সামনে আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।”

















