• জাতীয়

    মাধবপুরে ১৭ বছরের বঞ্চনা শেষে নির্বাচনকে ঘিরে সরব – বিএনপি নেতাকর্মীদের ঐক্যের ডাক

      প্রতিনিধি 28 November 2025 , 6:25:39

     

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

     

    হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে দীর্ঘ ১৭ বছর ধরে পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারার ক্ষোভ ও বঞ্চনার কথা প্রকাশ করছেন বিএনপি নেতাকর্মীরা। রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন–সংগ্রাম এবং মামলার চাপে গত এক যুগেরও বেশি সময় তারা দলে টিকে থাকলেও ভোটের মাঠে সক্রিয় হওয়ার সুযোগ পাননি—এমন দাবি করেছেন স্থানীয় নেতারা।

    ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের সামগ্রিক রাজনীতিতে যেমন উষ্ণতা ফিরেছে, তেমনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জ–৪ আসনেও তৈরি হয়েছে নতুন উত্তাপ। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করলে মাঠ আরও জমে ওঠে। এবার এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল।

    মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয়ভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। পাড়া–মহল্লা, গ্রামাঞ্চল, হাট–বাজার ও চা-বাগান এলাকায় প্রতিদিনই ধানের শীষের পক্ষে মিছিল, গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে। নেতাকর্মীদের ভাষ্য—দীর্ঘদিন পর জনতার যে সাড়া দেখা যাচ্ছে, তা নজিরবিহীন।

    তবে নির্বাচনী উত্তাপের মধ্যেই দলের এক নারী নেত্রীর ‘আত্মঘাতী আচরণে’ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—মনোনয়ন না পেয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং বিভ্রান্তিমূলক বার্তা ছড়াচ্ছেন। স্থানীয় একাধিক নেতার দাবি, তিনি দীর্ঘ সময় এলাকায় রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন, আর এখন তাঁর ব্যক্তিগত ক্ষোভকে কাজে লাগিয়ে দলীয় ঐক্যে চিড় ধরানোর চেষ্টা করছেন।

    মাধবপুর উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, “এই মুহূর্তে দলের ঐক্য সবচেয়ে জরুরি। কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণার পর সকলের একসাথে মাঠে থাকার কথা। কিন্তু একজন নেত্রী দায়িত্বহীন আচরণ করে ভোটারদের বিভ্রান্ত করছেন। আমরা চাই শৃঙ্খলার মধ্যে নির্বাচনী কাজ অব্যাহত থাকুক।”

    বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন,“ব্যক্তিগত ক্ষোভকে কেন্দ্র করে কোথাও কোথাও অপপ্রচার চালানো হচ্ছে। তবে তৃণমূল নেতাকর্মীরা মনোনীত প্রার্থীকে ঘিরে উচ্ছ্বসিত। মাঠে প্রতিদিনই ব্যাপক সাড়া পাচ্ছি।”

    মাধবপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক মারুপ আহমেদ বলেন, “দীর্ঘদিন পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে তরুণরা এবার ভূমিকা রাখতে প্রস্তুত। কিন্তু একজন নেত্রী বিভ্রান্তিমূলক পোস্ট দিয়ে পরিস্থিতি ঘোলাটে করছেন। তবুও আমরা ছাত্রদলের পক্ষ থেকে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে কাজ করছি।”

    চুনারুঘাট ও মাধবপুর—দুই উপজেলায়ই এখন নির্বাচনী মাঠ পুরোদমে সরব। নেতাকর্মীদের আশা, অতীতের বঞ্চনার অবসান ঘটিয়ে এবার ধানের শীষকে ঘিরে শক্তিশালী ঐক্য গড়ে উঠবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :