• জাতীয়

    বিজিবির অভিযানে ২৪ ঘণ্টায় ৬৬ লাখ টাকার ভারতীয় শাড়ি, জিরা ও গরু জব্দ

      প্রতিনিধি 13 March 2026 , 6:31:32

    এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি :

    সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক অভিযানে প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, জিরা ও ১০টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটিতে থাকা বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব জিরার আনুমানিক সিজার মূল্য ২৭ লাখ টাকা। এদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপির টহলদল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সীমান্তবর্তী জাম্বুরাছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করে। জব্দ করা শাড়ির আনুমানিক সিজার মূল্য প্রায় ৩১ লাখ টাকা। অপরদিকে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গুইবিল ও চিমটিবিল বিওপির নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ করে। এসব গরুর আনুমানিক সিজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। বিজিবি জানায়, জব্দ করা মালামালের মোট সিজার মূল্য প্রায় ৬৬ লাখ টাকা। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :