প্রতিনিধি 8 August 2026 , 1:04:56
এম এ কাদের, মাধবপুর (হবিগঞ্জ):


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম ফয়সলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাধবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কায়েস আহমেদ সালমান। শুক্রবার (৭ আগস্ট) মাধবপুর থানায় করা জিডিতে কায়েস আহমেদ সালমান অভিযোগ করেন, ‘আমি এক দেশপ্রেমিক’সহ কয়েকটি ভুয়া ফেসবুক আইডি থেকে এস এম ফয়সলের নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে মানহানিকর, মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট ও তথ্য প্রচার করা হচ্ছে। জিডিতে আরও বলা হয়, এসব ভুয়া ফেসবুক আইডি থেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার আশঙ্কা রয়েছে বলে অভিযোগকারী উল্লেখ করেন। কায়েস আহমেদ সালমান ভুয়া ফেসবুক আইডিগুলোর ব্যবহারকারীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিডিটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে জিডির নথিতে উল্লেখ রয়েছে।

















