• জাতীয়

    হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক স্বীকৃতি পেলেন তাহমিনা আক্তার

      প্রতিনিধি 22 May 2026 , 9:16:53

    এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

    জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার আবাসিক এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা আক্তার। নিষ্ঠা, মেধা, সৃজনশীলতা ও আধুনিক শিক্ষাদান পদ্ধতির স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন। দীর্ঘদিন ধরে ব্যতিক্রমধর্মী পাঠদান, শিক্ষার্থীবান্ধব শিক্ষা কার্যক্রম এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে শিক্ষক সমাজে তিনি বিশেষ সুনাম অর্জন করেছেন। শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, দায়িত্ববোধ ও আধুনিক শিক্ষা পদ্ধতি প্রয়োগের কারণে অভিভাবকদের কাছেও তিনি প্রশংসিত। জানা যায়, তাহমিনা আক্তারের শিক্ষাজীবনের সূচনা ঢাকার ক্যান্টনমেন্ট উত্তর কাফরুল হাইস্কুলে। পরে তিনি মিরপুর গার্লস আইডিয়াল কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে সরকারি তিতুমীর কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স এবং সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ থেকে ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। শিক্ষাক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখে তিনি ব্রিটিশ কাউন্সিল আয়োজিত বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হন। ওই পরীক্ষার মাধ্যমে সারা দেশ থেকে নির্বাচিত ১ হাজার ৬০০ শিক্ষকের মধ্যে তিনি ইংরেজি বিষয়ে বিশেষ প্রশিক্ষণের জন্য মনোনীত হন। পরে মৌলভীবাজার পিটিআইয়ে আন্তর্জাতিক ট্রেইনার পরিচালিত তিন মাসব্যাপী প্রশিক্ষণে অংশ নিয়ে সফলতার সঙ্গে ১৪ সপ্তাহের প্রশিক্ষণ সম্পন্ন করেন। আধুনিক ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা নিশ্চিত করায় জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির চূড়ান্ত মূল্যায়নে তিনি শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) হিসেবে নির্বাচিত হন। এ বিষয়ে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ব্যক্তিগত জীবনে তাহমিনা আক্তার স্টারলেট ফ্যাশন মেকারের স্বত্বাধিকারী মহসিন আলমের সহধর্মিণী। তার এ অর্জনে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মাঝে আনন্দের বন্যা বইছে। উল্লেখ্য, গত ২০ মে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্যাটাগরির বাছাই কার্যক্রমে চূড়ান্তভাবে তাহমিনা আক্তারকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) হিসেবে নির্বাচিত করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :