প্রতিনিধি 24 June 2026 , 11:37:06
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :


হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃতি সন্তান ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শামীম মিয়ার নামে উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে। সোমবার (২৩ জুন) মাধবপুরের জুলাই বিপ্লবী ছাত্র-জনতার পক্ষে সৈয়দ মহাদী হাসান এ আবেদন জমা দেন। আবেদনের অনুলিপি উপজেলা পরিষদ ও মাধবপুর পৌরসভার প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শামীম মিয়া জাতীয় ও স্থানীয় ইতিহাসে এক অনন্য সাহসী চরিত্র হিসেবে স্মরণীয় হয়ে আছেন। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করবে। আবেদনকারীরা মাধবপুর বাজারস্থ উপজেলা বাউন্ডারি সংলগ্ন নতুন সড়কের কিবরিয়া স্কয়ার থেকে মাধবপুর পশু হাসপাতাল পর্যন্ত প্রায় ৪৫০ মিটার অংশের নাম “জুলাই শহীদ শামীম মিয়া সড়ক” রাখার প্রস্তাব করেন। তাদের দাবি, এ সড়কের নামকরণ করা হলে শহীদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি জুলাই আন্দোলনের স্মৃতিও সংরক্ষিত হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্ম শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে ও গণতান্ত্রিক চেতনা ধারণে উৎসাহিত হবে। উল্লেখ্য, মাধবপুরে জুলাই শহীদ দিবস পালনসহ বিভিন্ন কর্মসূচিতে শহীদ শামীম মিয়ার অবদান ও আত্মত্যাগ স্মরণ করা হয়ে থাকে। আবেদনকারী সৈয়দ মহাদী হাসান বলেন, “শহীদ শামীম মিয়ার আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য সড়কটির নামকরণ করা সময়ের দাবি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করছি।” এসময় বৈষম্য বিরোধী নেতাদের মধ্যে সিরাজুল ইসলাম তানজিল ও বাবলু উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০২৪ সালে বৈষম্যে বিরোধী আন্দোলন চলাকালীন ২০ জুলাই সাভারে পুলিশের গুলিত নিহত হন মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের ক্ষুদে ব্যবসায়ী শামীম মিয়া।

















