প্রতিনিধি 5 November 2025 , 3:40:52
এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি:


হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা দাসপাড়ায় সম্প্রতি সংঘটিত ডাকাতদের নৃশংস হামলায় আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিতে বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান।
তিনি আহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং চিকিৎসা ও নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহজাহান বলেন, “আমরা কখনো অন্যায়, সন্ত্রাস বা দুর্নীতিকে প্রশ্রয় দিই না। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। এই হামলার পেছনে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
তিনি আরও জানান, প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হবে, যাতে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের গ্রেপ্তার নিশ্চিত করা যায়।
শাহজাহান বলেন, তার বড় ভাই ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মো. ফয়সলও ঘটনাটির সার্বিক খোঁজখবর রাখছেন। এক বিবৃতিতে ফয়সল এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনা মানবতার পরিপন্থী। প্রশাসনের উচিত দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, যা রাষ্ট্রের জন্য অশনিসংকেত।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ অলিউল্লাহ, সাবেক মেম্বার তপন পাল, কাশেম মেম্বার, অজিত পাল, সপন পাল, শেখর দাস, নিকেতন দাস, আরাধন দাস, ওয়ার্ড বিএনপির সভাপতি শিশু মিয়া, উপজেলা বিএনপির নেতা কায়সারসহ শতাধিক স্থানীয় নারী-পুরুষ।
স্থানীয়রা সাবেক চেয়ারম্যান শাহজাহানসহ বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
পরিশেষে শাহজাহান বলেন, “এই এলাকার মানুষের পাশে আমরা সব সময় ছিলাম, আছি ও থাকব। কোনো অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তার বিচার হবেই। প্রশাসন যদি ব্যর্থ হয়, জনগণই হবে ন্যায়ের শক্তি।”











