• জাতীয়

    মাধবপুর সীমান্তে মাদকের প্রবেশ বৃদ্ধি: উদ্বেগ প্রকাশ করে ওসিকে খোলা চিঠি

      প্রতিনিধি 22 May 2026 , 4:47:12

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় এক সংবাদকর্মী। সীমান্ত পথে মাদক প্রবেশ বৃদ্ধি পাওয়ার অভিযোগ তুলে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানার কাছে একটি খোলা চিঠি দিয়েছেন তিনি। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে। খোলা চিঠিতে স্থানীয় সংবাদকর্মী হামিদুর রহমান উল্লেখ করেন, “মাদকমুক্ত মাধবপুর গড়ার লক্ষ্যে ওসি এবং তার টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য তাদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।” তিনি আরও অভিযোগ করেন, সীমান্তবর্তী এলাকার বিভিন্ন গ্রামে প্রতিদিনই পাশ্ববর্তী দেশ থেকে মাদক প্রবেশ করছে। এর ফলে উদ্বেগজনকভাবে বাড়ছে মাদকের বিস্তার, যার ভয়াবহ প্রভাব পড়ছে যুব সমাজের ওপর। সন্ধ্যা নামার আগেই সীমান্ত এলাকায় বহিরাগত মোটরসাইকেলের শোডাউন দেখা যায়, যা স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে বলেও উল্লেখ করা হয়। চিঠিতে আরও বলা হয়, কাশিমনগর পুলিশ ফাঁড়ি ও মনতলা পুলিশ তদন্ত কেন্দ্র জনবল সংকটে থাকায় অনেক সময় চাইলেও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব হয় না। তবে ঈদকে সামনে রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার, সন্দেহভাজন মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানান তিনি। খোলা চিঠির শেষাংশে হামিদুর রহমান বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।” এদিকে স্থানীয় সচেতন মহলও সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মাধবপুর থানা পুলিশ মাদক পাচার, চুরি ও ডাকাতি রোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :