প্রতিনিধি 12 June 2026 , 3:41:00
শাহ নবী কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :


কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নে মো. হানিফ মিয়া (৩৪) নামে এক কাঠ ব্যবসায়ীকে রহস্যজনকভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে নিখোঁজ হওয়ার পর একটি পতিত জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে; ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। নিহত হানিফ ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার মো. ইব্রাহিমের ছেলে। তিনি পেশায় ‘স’ মিল শ্রমিক ও কাঠ ব্যবসায়ী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী লসকর মিয়ার ছেলে মো. জাকির হোসেন হানিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। নিহতের স্ত্রী আয়েশা জানান, রাত ১২টার দিকে হানিফ তাকে ফোন করে আতঙ্কিত কণ্ঠে বলেন, “আমাকে বাঁচাও, জাকিররা আমাকে মেরে ফেলবে।” পরিবারের সদস্যরা তাৎক্ষণিক জাকিরদের বাড়িতে গেলেও গেট বন্ধ পান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে লসকর মিয়ার বাড়ির পূর্ব পাশের একটি ক্ষেতে হানিফের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে আসে। বিক্ষুব্ধ জনতা মূল অভিযুক্ত জাকিরের বাবা লসকর মিয়াকে পালিয়ে যাওয়ার সময় ধরে পুলিশের হাতে তুলে দেয়। তবে জাকিরসহ অন্যরা পালিয়ে যাওয়ায় উত্তেজিত জনতা লসকর মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে একটি পাকা ঘর, আসবাবপত্র ও একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীর দাবি, অভিযুক্ত জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত কোনো বিরোধের জের ধরেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কুলিয়ারচর থানার ওসি কাজী আরীফ উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

















