• জাতীয়

    সঠিক নেতৃত্বের অভাবে পিছিয়ে মাধবপুর–চুনারুঘাট : সৈয়দ ইশতিয়াক

      প্রতিনিধি 31 January 2026 , 4:56:19

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

    সঠিক ও দায়বদ্ধ নেতৃত্বের অভাবে মাধবপুর–চুনারুঘাট অঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সৈয়দ ইশতিয়াক। তিনি বলেন, নির্বাচন এলেই বসন্তের কোকিলের মতো কিছু লোকের দেখা মেলে, যাদের উপস্থিতি সীমাবদ্ধ থাকে কেবল ভোটের মৌসুমে। ভোটে জয়ী হয়ে তারা আর জনগণের খোঁজ রাখে না। বারবার ভুল নেতৃত্ব নির্বাচনের ফলেই এ জনপদ আজ পিছিয়ে পড়েছে। শুক্রবার সকালে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সৈয়দ ইশতিয়াক বলেন, বৃহত্তর স্বার্থ উপেক্ষা করে আমরা বিভক্ত হয়ে পড়েছি। এই বিভক্তির সুযোগ নিয়ে একটি মহল দীর্ঘদিন ধরে জনগণকে ধোঁকা দিয়েছে এবং বঞ্চিত করেছে। এর পরিণতি আজ ভয়াবহ—একটি জাতি, একটি গোষ্ঠী ও একটি প্রজন্মকে এর খেসারত দিতে হচ্ছে। তিনি আরও বলেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্রিজ, রাস্তাঘাটসহ মৌলিক অবকাঠামোগত বহু সমস্যা আজও অমীমাংসিত রয়ে গেছে। এসব সমস্যার সমাধানে প্রয়োজন সৎ, সাহসী ও জনগণের প্রতি দায়বদ্ধ নেতৃত্ব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির ভিত্তিতেই একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। এই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিলে দেশ ও জাতির ভবিষ্যৎ নিরাপদ হবে। হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে তিনি এ অঞ্চলকে একটি সমৃদ্ধ জনপদে রূপান্তরিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিএনপি নেতা ফজলুর রহমান, ফরিদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :