প্রতিনিধি 27 April 2026 , 2:41:20
শাহ নবী কুলিয়ারচর প্রতিনিধি:


কিশোরগঞ্জের কুলিয়ারচরে গভীর রাতে বিধি-নিষেধ অমান্য করে উচ্চশব্দে গান বাজনা করার দায়ে সাউন্ড বক্সসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়াসিন খন্দকার। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার পর জননিরাপত্তা রক্ষা ও শব্দ দূষণ রোধে পৌর এলাকার বিভিন্ন স্থানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানকালে উচ্চশব্দে গান বাজানো অবস্থায় সংশ্লিষ্ট সরঞ্জামাদি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়াসিন খন্দকার জানান, গভীর রাতে উচ্চশব্দে মাইক বা সাউন্ড বক্স বাজানো আইনত দণ্ডনীয় অপরাধ। এটি বিশেষ করে পরীক্ষার্থী, অসুস্থ ব্যক্তি ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় চরম বিঘ্ন ঘটায়। তিনি আরও বলেন, জনস্বার্থে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানানো হয়েছে। তারা আশা করছেন, এর ফলে এলাকায় গভীর রাতে উচ্চশব্দের উপদ্রব কমবে এবং সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত হবে না।

















