• জাতীয়

    মাধবপুরে ২০০ সুফলভোগীর মাঝে ছাগল পালনের উপকরণ বিতরণ

      প্রতিনিধি 12 January 2026 , 7:25:36

     

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ক্ষুদ্র খামারিদের উৎপাদন সক্ষমতা বাড়াতে ২০০ জন সুফলভোগীর মাঝে ছাগল পালনের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

    সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে সিমেন্টের পিলার (পালা), টিন ও প্লাস্টিকের ম্যাটসহ প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার, কৃষি কর্মকর্তা সজিব সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এ ধরনের উপকরণ সহায়তা ক্ষুদ্র খামারিদের টেকসই খামার গড়ে তুলতে সহায়ক হবে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের আত্মকর্মসংস্থান ও আয়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।

    উপকারভোগীরা জানান, দীর্ঘদিন ধরে তারা উপযুক্ত অবকাঠামোর অভাবে ছাগল পালনে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। সরকারিভাবে পাওয়া এসব উপকরণ তাদের খামার ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

    উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরও খামারিদের এই কর্মসূচির আওতায় আনা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :