• জাতীয়

    মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা, নির্দেশ অমান্য করে গার্ডের দুর্ব্যবহার

      প্রতিনিধি 15 April 2026 , 4:46:04

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে কেন্দ্রের গেইটের এক গার্ডের বিরুদ্ধে। ঘটনাটি বুধবার (১৫ এপ্রিল) বৃত্তি পরীক্ষা চলাকালে ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে সাংবাদিকদের প্রবেশে বাধা দেন গার্ড জয়নাল মিয়া (৫০)। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত ছেরাগ আলী। সাংবাদিকদের অভিযোগ, কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেন। তবে এরপরও গার্ড জয়নাল মিয়া গেইটের তালা খুলে দিতে অস্বীকৃতি জানান এবং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় তিনি অশালীন ভাষায় কথা বলেন বলেও অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিষয়টি কেন্দ্র সচিব, সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মো. কবির হোসেন এবং দায়িত্বরত পুলিশের সামনে উপস্থাপন করা হলেও তাদের সামনেই আবারও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন ওই গার্ড। স্থানীয় সূত্রে জানা যায়, চাকরিতে যোগদানের পর থেকেই জয়নাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময় অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার মাধবপুর প্রতিনিধি সাংবাদিক এম এ কাদের বলেন, “গার্ডকে পরিচয় দেওয়ার পর তিনি স্পষ্টভাবে জানান, কোনো সাংবাদিককে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না—ইউএনও স্যারের নির্দেশ রয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, কেন্দ্রের ভেতরে সাংবাদিকদের প্রয়োজন নেই এবং অশালীন আচরণ শুরু করেন।” তিনি আরও বলেন, “গার্ডকে কেন্দ্র সচিবকে অবগত করতে অনুরোধ করা হলেও তিনি তা করতে অস্বীকৃতি জানান এবং অভিভাবকদের সামনেই সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ আচরণ করতে থাকেন। পরে দায়িত্বরত এটিও কবির হোসেনের মাধ্যমে কেন্দ্র সচিবের সঙ্গে যোগাযোগ করা হয়। কেন্দ্র সচিব, এটিও ও পুলিশ গেইটে এসে তালা খুলে দেওয়ার নির্দেশ দিলেও গার্ড তা মানতে অস্বীকৃতি জানান। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে গেইটের তালা খুলে দেন। এমন আচরণ অত্যন্ত দুঃখজনক।” তিনি বলেন, “এ ধরনের গার্ড শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে শিক্ষক ও প্রতিষ্ঠানের মান-সম্মান ক্ষুণ্ন হবে। তাই অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।” এ ঘটনায় ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ সচেতন মহলেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম বলেন, পূর্বের নির্দেশ মোতাবেক প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য কেন্দ্র সচিবের সঙ্গে যোগাযোগ করে তথ্য নিতে পারবেন। পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশ ও চিত্র ধারণে বাধার বিষয়ে জানতে চাইলে তিনি একই মন্তব্য করে বিষয়টি এড়িয়ে যান। অন্যদিকে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. সরফরাজ বলেন, পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই। তবে কেন্দ্র সচিবের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করতে হবে। তিনি বলেন, গেইটে পুলিশ না থাকার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :