প্রতিনিধি 10 December 2025 , 5:32:23


হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে বিএনপি নেত্রী শাম্মি আক্তারের ভাই সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম খানসহ অজ্ঞাত আরও ৪–৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার শানখলা মৌজায় সরকারি খাসজমির সীমানা নির্ধারণ (ডিমার্কেশন) ও পরিমাপ কাজে বাধা সৃষ্টি হওয়ার ঘটনায় এ মামলা করা হয়।
এজাহারে বলা হয়, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এএলএম) শামীম আহমেদ সরকারি পরিমাপ কাজে মাঠে গেলে কয়েকজন লোক সেখানে জটলা করে কাজ বন্ধের চেষ্টা করেন। তারা সরকারি কর্মকর্তার সঙ্গে অশালীন আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে পাথর নিক্ষেপের মতো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে সরকারি কার্যক্রম ব্যাহত হয় এবং মাঠপর্যায়ের কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় পড়েন।
মামলায় নাম উল্লেখ করা দুই আসামি হলেন—বিএনপি নেত্রী শাম্মি আক্তারের ভাই সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম খান (৪৫)। তাদের সঙ্গে আরও ৪–৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
সহকারী ভূমি কর্মকর্তা শামীম আহমেদ বলেন, “সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে হয়েছে।”
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

















