প্রতিনিধি 26 November 2025 , 6:20:10
এম এ কাদের, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :


হবিগঞ্জ জেলায় আবারো একজন নারী পুলিশ কর্মকর্তা সুপার হিসেবে দায়িত্ব পেলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে মোছা. ইয়াছমিন খাতুনকে হবিগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
জানা যায়, হবিগঞ্জ জেলায় এর আগে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মিলি বিশ্বাস। ২০০০ সালে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রথম নারী পুলিশ কর্মকর্তা হিসেবে কন্টিনজেন্ট কমান্ডার ছিলেন এবং পরবর্তীতে ডিআইজি হিসেবে পুলিশ সদর দফতরে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত।
নতুন এসপি মোছা. ইয়াছমিন খাতুনের যোগদানের মধ্য দিয়ে হবিগঞ্জ জেলায় পুনরায় নারী নেতৃত্বের প্রত্যাবর্তনে নতুন অধ্যায় সূচিত হলো।
মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শ্রীবাস সরকার নবনিযুক্ত পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়ে বলেন,
“পুলিশ সুপার হিসেবে তাঁর দক্ষতা, সততা ও নিষ্ঠা হবিগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় নতুন মাত্রা যোগ করবে বলে আমরা বিশ্বাস করি। তাঁর দায়িত্ব পালনে সর্বান্তকরণে সফলতা কামনা করছি।”
এদিকে জেলার সাংবাদিক সমাজসহ সচেতন মহল আশা প্রকাশ করেছে—নতুন এসপির নেতৃত্বে হবিগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে এবং জনসেবায় আসবে গতি ও ইতিবাচক পরিবর্তন।

















