প্রতিনিধি 17 February 2026 , 5:58:40
ক্যহলাচিং মারমা প্রতিনিধি:


, খাগড়াছড়ি || খাগড়াছড়ি সদর উপজেলার ৪নং পেরাছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছোটগাছবানে অবস্থিত শ্রীশ্রী সার্বজনীন শিব মন্দির প্রাঙ্গণে শিব চতুর্দশী তিথি উপলক্ষে তিন দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব আজ মঙ্গলবার সকালে ব্রহ্মমুহূর্তে পূর্ণাহুতির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিব স্নান, কীর্তনসহকারে গঙ্গা আহ্বান ও অধিবাস কীর্তনের মাধ্যমে মহোৎসবের শুভ সূচনা হয়। পরদিন ভোর থেকে শুরু হয় মহানাম সংকীর্তন, শিবদেবের প্রাত্যহিক পূজা ও ভোগ নিবেদন। দিনব্যাপী ভক্তবৃন্দের উপস্থিতিতে ভক্তিমূলক পরিবেশে কীর্তন অনুষ্ঠিত হয় এবং নির্ধারিত সময়ে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আজ মঙ্গলবার ভোরে মহানাম সংকীর্তন যজ্ঞের পূর্ণাহুতি ও নগর পরিক্রমার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক ভক্ত-সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী ধন মোহন ত্রিপুরা জানান, কলিযুগে শান্তি ও আত্মশুদ্ধির একমাত্র পথ হরিনাম সংকীর্তন। এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও উৎসব আয়োজন করা হয়েছে। সাধারণ সম্পাদক শ্রী অজয় ত্রিপুরা (অনিল) সকল ভক্তবৃন্দ, দাতা-অনুদানদাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উৎসবকে কেন্দ্র করে এলাকায় ছিল উৎসবমুখর ও ভক্তিময় পরিবেশ।

















