কিশোরগঞ্জের কুলিয়ারচরে বসতঘরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান চালিয়ে তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ নাছির মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে কুলিয়ারচর উপজেলার বীরকাশিমনগর পশ্চিম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন খন্দকারের নেতৃত্বে বাংলাদেশ আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বীরকাশিমনগর পশ্চিম পাড়ায় নাছির মিয়ার দুই কক্ষবিশিষ্ট টিনের ছাউনি দেওয়া বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
আটক নাছির মিয়া বীরকাশিমনগর পশ্চিম পাড়া এলাকার মো. ইউসুফের ছেলে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর নাছির মিয়ার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন খন্দকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।
মাদকবিরোধী টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।