প্রতিনিধি 20 August 2026 , 12:43:15
ক্যহলাচিং মারমা খাগড়াছড়ি প্রতিনিধি:


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন পরিষদের চেয়ারম্যান ও ১৪ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। ১০ আগস্ট ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭-এর ১৬ক-এর (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪-এর ৪(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে। খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান করা হয়েছে ম্রাসাথোয়াই মারমা। তিনি খাগড়াছড়ি সদর এলাকার আপার পেড়াছড়া বাসিন্দা খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্যরা হলেন রিপন চাকমা, শান্তি প্রিয় চাকমা,দেব রানী চাকমা, মোঃ নুরুল আবছার, মোঃ আঃ মালেক, মোশাররফ হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা,খনি রঞ্জন ত্রিপুরা,নারায়ন ত্রিপুরা, রুমেল মারমা, ক্যরী মগ, মংসাপ্রু চৌধুরী, তাছলিমা সিরাজ সিমা, কুহেলী দেওয়ান। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং পরবর্তী সংশোধনীর বিধান অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সব দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ২০২৪ সালের ৭ নভেম্বর ২৯,০০,০০০০,২১৪.১৮.০০২২.২৪-১২০ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত পূর্বের পরিষদ বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোগল চন্দ্র পাল প্রজ্ঞাপনটি জারি করেন।

















