প্রতিনিধি 19 August 2026 , 5:52:56
দিনাজপুর প্রতিনিধি:


বুধবার ১৯ আগস্ট অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গণসংহতি আন্দোলন, ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন, ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব ও জাতীয় পরিষদ সদস্য আব্দুল মোত্তালিব পাপ্পু। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নাজার আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফাতেমা রহমান বিথী, গণসংহতি আন্দোলন ফুলবাড়ীর আহ্বায়ক আবুল খায়ের, জাতীয় পরিষদ সদস্য প্রত্যয়ী মিজান, কৃষকনেতা মোতাহার আলী, যুগ্ম সদস্য সচিব মেরাজ হোসেন, যুগ্ম আহ্বায়ক পলাশ চন্দ্র, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি শাকিরুল ইসলাম শাকি এবং সাধারণ সম্পাদক রায়হান কবির সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় জনগণ। সমাবেশে বক্তারা বলেন, ফুলবাড়ীর মাটিতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। ফুলবাড়ীর মানুষ অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে জানে, উন্মুক্ত খনি শুধু কয়লা উত্তোলনের বিষয় নয়; এর সঙ্গে মানুষের বসতভিটা, কৃষিজমি, পরিবেশ, জীবিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা জড়িত। বক্তারা আরও বলেন, ২০০৬ সালের ফুলবাড়ী গণআন্দোলনের শহীদ আমিন, সালেকিন ও তরিকুলের রক্তের বিনিময়ে অর্জিত ছয় দফা চুক্তি বাস্তবায়ন না করে নতুন করে উন্মুক্ত কয়লা খনির আলোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের মতামত উপেক্ষা করে ফুলবাড়ীতে উন্মুক্ত খনি করার যেকোনো উদ্যোগের বিরুদ্ধে গণসংহতি আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে। সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা খনি করার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং ফুলবাড়ীর জনগণের মতামত ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর ও ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হবে।

















