• জাতীয়

    মাদকের বিরুদ্ধে সংসদে মৃত্যুদণ্ডের যে আইন পাস হয়েছে, তাকে আমরা স্বাগত জানাই। একই সঙ্গে এ আইনের বাস্তবায়ন আমরা দেখতে চাই। -শেখ ছালাউদ্দিন ছালু।

      প্রতিনিধি 8 August 2026 , 5:42:20

    দেশ আমার ডেস্ক:

    আজ ৮ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১১টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হলে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু। সভাপতির বক্তব্যে শেখ ছালাউদ্দিন ছালু উপস্থিত সকলকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৯ জুলাই ২০২৬ আমাদের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। সে সময় আমি চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় যথাসময়ে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। শেখ ছালাউদ্দিন ছালু বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাস করায় বর্তমান সরকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তবে আমি স্পষ্টভাবে বলতে চাই, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এই আইনের কঠোর, নিরপেক্ষ এবং দৃষ্টান্তমূলক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। মাদক আজ শুধু একটি সামাজিক ব্যাধি নয়, এটি আমাদের যুব সমাজ, পরিবার, নারী, সমাজ ও আগামী প্রজন্মের জন্য এক ভয়াবহ হুমকি। মাদকের বিরুদ্ধে সর্বজনীন অভিযান ও আইনের কঠোর প্রয়োগের কোনো বিকল্প নেই। জুলাই আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের সময় দেশের মানুষ একটি ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করেছিল। কিন্তু দুঃখজনকভাবে সেই প্রত্যাশার প্রতিফলন এখনো দৃশ্যমান হয়নি। তিনি বলেন, আন্দোলনে শহীদ ও আহতদের অধিকাংশই ছিলেন সাধারণ, মেহনতি ও শ্রমজীবী মানুষ। অথচ আন্দোলনের সুফল ভোগ করছে একটি বিশেষ সুবিধাভোগী শ্রেণি। আন্দোলনে আহত হয়ে যারা আজীবনের জন্য শয্যাশায়ী বা অক্ষম হয়ে পড়েছেন, তাদের পুনর্বাসন রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। শহীদ পরিবারের সদস্য এবং আহতদের প্রতি রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনপিপি চেয়ারম্যান বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের জীবন যাত্রার ব্যয় ক্রমাগত বেড়ে চলেছে। এসব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানে সরকারের প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন, অতীতে যে হেলমেট বাহিনীর অপসংস্কৃতি সৃস্টি হয়েছিল, তার পুনরাবৃত্তির আশঙ্কা দেখা যাচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং এ ধরনের বাহিনীর পুনরুত্থান রোধে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আরও বলেন, দেশে দুর্নীতি ও স্বজনপ্রীতি ক্রমেই বেড়ে গেছে। এ ক্ষেত্রে তিনি বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার দেশে একটি নিরপেক্ষ, সুস্থ ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। পরিশেষে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশে-বিদেশে অবস্থানরত সকল নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশপ্রেমিক নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আসুন মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলি এবং সবাই মিলে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হই। এনপিপির মহাসচিব মোঃ আনিসুর রহমান দেওয়ান বলেন, আজ আমাদের অত্যন্ত গৌরবের দিন। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দলের প্রতিষ্ঠাতা, সকল প্রয়াত নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশপ্রেমিক নাগরিকদের। এ দেশকে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী সকল শহীদকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি। দলের প্রতিষ্ঠাতা, সাবেক ও বর্তমান সকল নেতৃবৃন্দের অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এনপিপিকে একটি শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী রাজনৈতিক দলে পরিণত করতে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। তৃণমূল পর্যায়ে কমিটি পুনর্গঠন, নতুন সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন এবং দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। আমরা দলের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানাই—ঐক্য ও আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিন। জনগণের সুখ-দুঃখের পাশে থেকে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এনপিপির পতাকাতলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শপথ গ্রহণ করি—দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করব এবং মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে জনগণের আশা-আকাঙ্ক্ষার মাধ্যমে এনপিপিকে একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করব। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য ডাঃ আলতাফ হোসেন, ইমরুল কায়েস, শেখ জাবেদ কামাল, আহসান হাবিব তছির, মেহেদী হাসান রনি, সেলিম মাহমুদ, ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ডাঃ মিজানুর রহমান, আরিফুর রহমান সুমন, যুগ্ম মহাসচিব আবুল কালাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোড়ল, ডাঃ আমীনুল ইসলাম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন লিটন,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন তারা। এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মণ্ডল, প্রেসিডিয়াম সদস্য মির্জা হামিদুল ইসলাম, সাহেব আলী হাওলাদার রনি, মাওলানা ইসরাফিল হোসেন সাভারী, ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ভূইয়া, জালাল ঢালী, চেয়ারম্যানের উপদেষ্টা মোশাররফ হোসেন বকুল, এনজিও বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাসুদপাশা, শ্রম বিষয়ক সম্পাদক এম এ খায়ের, সহ-প্রচার সম্পাদক মিনহাজ উদ্দিন, সহ শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ হোসেন ঠাকুর, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব (প্রেসিডিয়াম মর্যাদা) এমাদুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোর আন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন এনপিপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম বদরপুরী।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :