• জাতীয়

    মাধবপুরে ফ্লাইওভার নিয়ে উত্তাল জনতা : পিলারের ওপর নির্মাণের দাবিতে মানববন্ধন

      প্রতিনিধি 30 June 2026 , 5:49:48

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

    ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় মাটি দিয়ে ভরাট করে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা বাতিল করে পিলারের ওপর ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ব্যবসায়ী, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, বাসস্ট্যান্ড এলাকায় মাটি দিয়ে ভরাট করে ফ্লাইওভার নির্মাণ করা হলে শত শত ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি যানজট বৃদ্ধি, জলাবদ্ধতা সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই জনস্বার্থে মাটি ভরাটের পরিবর্তে পিলারের ওপর ফ্লাইওভার নির্মাণের দাবি জানান তারা। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান পিডিএলের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার বাকিরুল্লাহ নাসির বলেন, এটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকল্প। তারা যে নকশা দিয়েছে, আমরা সে অনুযায়ী কাজ করছি। এর বাইরে আমাদের কিছু করার সুযোগ নেই। যারা আন্দোলন করছেন, তারা আমাদের কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি করেননি। সরকার যেভাবে নকশা দেবে, আমরা সেভাবেই প্রকল্প বাস্তবায়ন করব। মাধবপুর বাজার কমিটির সভাপতি এমরান খান বলেন, আমরা উন্নয়নের বিরোধী নই। তবে এমন উন্নয়ন চাই, যাতে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষিত থাকে। মাটি দিয়ে ভরাট করলে বাসস্ট্যান্ডের শত শত ব্যবসায়ী ক্ষতির মুখে পড়বেন। তাই পিলারের ওপর ফ্লাইওভার নির্মাণই হবে সময়োপযোগী ও জনবান্ধব সিদ্ধান্ত। উপজেলা বিএনপির সভাপতি মো. হামিদুর রহমান হামদু বলেন, মাধবপুরবাসীর যৌক্তিক দাবি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। উন্নয়নের নামে মানুষের জীবিকা ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এমন একটি ফ্লাইওভার চাই, যাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও জনজীবন স্বাভাবিক থাকে। পৌর বিএনপির সভাপতি গোলাপ খান বলেন, মাধবপুর বাসস্ট্যান্ড উপজেলার প্রাণকেন্দ্র। এখানে মাটি দিয়ে ভরাট করা হলে দীর্ঘমেয়াদে ব্যবসা, পরিবহন ও জনজীবনে বিরূপ প্রভাব পড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পিলারের ওপর ফ্লাইওভার নির্মাণের দাবি জানাচ্ছি। মানবাধিকার কর্মী ও সমাজসেবক বোরহান উদ্দিন বলেন, উন্নয়ন অবশ্যই জনবান্ধব হতে হবে। এমন কোনো প্রকল্প গ্রহণ করা উচিত নয়, যাতে মানুষের কর্মসংস্থান ও জীবিকা হুমকির মুখে পড়ে। পিলারের ওপর ফ্লাইওভার নির্মাণ হলে উন্নয়নও হবে, আবার ব্যবসা-বাণিজ্য ও মানুষের স্বাভাবিক চলাচলও ব্যাহত হবে না। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে প্রকল্পের নকশা পুনর্বিবেচনা করে মাটি দিয়ে ভরাটের পরিবর্তে পিলারের ওপর ফ্লাইওভার নির্মাণের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :