প্রতিনিধি 27 April 2026 , 2:43:28
শাহ নবী কুলিয়ারচর প্রতিনিধি কুলিয়ারচর :


উপজেলাবাসীর দীর্ঘদিনের দুশ্চিন্তা ও জরুরি প্রয়োজনে ওষুধের জন্য হাহাকার দূর করতে এক ঐতিহাসিক ও মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এখন থেকে গভীর রাতে জরুরি প্রয়োজনে ওষুধের জন্য আর হন্যে হয়ে ঘুরতে হবে না সাধারণ মানুষকে। প্রতি রাতে নির্দিষ্ট ‘রোস্টার’ অনুযায়ী অন্তত একটি ফার্মেসি খোলা থাকবে সারারাত। রোববার (২৬ এপ্রিল) রাত ১০টায় কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ইয়াসিন খন্দকার এই ব্যতিক্রমী ‘নাইট রোস্টার’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিদিন একটি নির্দিষ্ট রোস্টার বা ক্যালেন্ডার অনুযায়ী অন্তত একটি ফার্মেসি সারারাত খোলা থাকবে। গভীর রাতে ওষুধের দোকান খোলা রাখার নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে প্রতিটি ফার্মেসির জন্য একজন ডেডিকেটেড নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। ওই নিরাপত্তা কর্মীর বেতনের আংশিক খরচ সরাসরি উপজেলা প্রশাসন থেকে প্রদান করা হবে। তিনি সারারাত ফার্মেসিতে অবস্থান করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন। জনসাধারণের সুবিধার্থে কোন দিন কোন ফার্মেসি খোলা থাকবে, তার তালিকা বাজারের গুরুত্বপূর্ণ স্থান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শাহআলম এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), উপজেলা প্রকৌশলী, স্থানীয় ওষুধ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

















