• জাতীয়

    হাডুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

      প্রতিনিধি 2 August 2026 , 3:02:31

    এম এ কাদের, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মধ্যে অনুষ্ঠিত হাডুডু খেলাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাসিরনগর উপজেলার খান্দুরা সালামবাজার সংলগ্ন মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খেলার প্রথমার্ধ শান্তিপূর্ণভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, খেলা চলাকালে শিমুলঘর গ্রামের এক খেলোয়াড়কে ধরমন্ডল দলের কয়েকজন খেলোয়াড় মারধর করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে খেলোয়াড়দের সঙ্গে দুই গ্রামের সমর্থকরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। শিমুলঘর দলের খেলোয়াড় ও স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের সময় খেলা পরিচালনা কমিটি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। এমনকি কমিটির কয়েকজন সদস্য ধরমন্ডল পক্ষের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেন। তাদের দাবি, ধরমন্ডল ও খান্দুরা একই থানার আওতাভুক্ত হওয়ায় এ ধরনের আচরণ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে খেলা পরিচালনা কমিটির কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংঘর্ষে শিমুলঘর একাদশের পক্ষে আহত হয়েছেন মৃত কালু মিয়ার ছেলে সাজু মিয়া (৩০), ফজলু রহমান (৪০), শেখ কবির মিয়ার ছেলে শেখ ফরহাদ (৩০), আছকির মিয়ার ছেলে এমরান (২৯), মো. ছোয়াব মিয়া লস্করের ছেলে মো. মানিক মিয়া লস্কর (২৫) এবং আরব আলীর ছেলে ফখরুল হাসান (৪৭)। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে শেখ ফরহাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এছাড়া আরও অনেক আহত ব্যক্তি বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষ চলাকালে খান্দুরা কমিটির কয়েকজন সদস্যও ধরমন্ডল পক্ষের হয়ে শিমুলঘরের লোকজনের ওপর হামলায় অংশ নেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা খেলা পরিচালনা কমিটির কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :