প্রতিনিধি 19 March 2026 , 2:14:40
এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি :


হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমূলঘর গ্রামে দীর্ঘ ছয় বছর ধরে চরম মানবেতর জীবনযাপন করছেন এক অসহায় বিধবা বৃদ্ধা। নেই নিরাপদ আশ্রয়, পর্যাপ্ত খাবার কিংবা ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা। মানবিক সহায়তার আশায় দিন গুনছেন তিনি। জানা গেছে, উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শিমূলঘর গ্রামের মৃত আবদাল মিয়ার স্ত্রী মোছাঃ লীল মহর (৬৩) দীর্ঘদিন ধরে চরম কষ্টে জীবন কাটাচ্ছেন। তাঁর বসতঘরটি এতটাই জরাজীর্ণ যে ঘরের ভেতর থেকেই আকাশ দেখা যায়। কোথাও কাগজ, কোথাও কাপড় দিয়ে কোনোভাবে ঢেকে রাখা হয়েছে মাথা গোঁজার ঠাঁই। বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে, আর শীতের রাতে কাঁপতে কাঁপতেই কাটে সময়। স্থানীয়রা জানান, বয়সের ভারে কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলায় বৃদ্ধা লীল মহর পুরোপুরি অন্যের দয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। খাবার, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের অভাবে প্রতিনিয়ত কঠিন জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি। একজন প্রবীণ মানুষ এভাবে অবহেলায় দিন কাটাচ্ছেন—এটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেন এলাকাবাসী। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, স্বামী আবদাল মিয়ার মৃত্যুর পর তাঁর দুই ছেলে থাকলেও কেউই নিয়মিত খোঁজখবর নেন না। বড় ছেলে একই বাড়িতে বসবাস করলেও ছোট ছেলে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকেন। ছেলেদের আর্থিক অবস্থাও দুর্বল বলে জানা গেছে। ভুক্তভোগী বৃদ্ধা লীল মহর বলেন, প্রায় দশ বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকেই তাঁর কষ্টের জীবনের শুরু। এখন পর্যন্ত তিনি কোনো ধরনের সরকারি অনুদান বা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসতে পারেননি। বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা—কোনোটিই তাঁর কপালে জোটেনি। সরকারি তালিকায় নাম না থাকায় নিয়মিত সহায়তা থেকেও বঞ্চিত রয়েছেন তিনি। এসব ভাতা পেলে অন্তত ন্যূনতম জীবনযাপনের সুযোগ তৈরি হতো বলে জানান তিনি। এ বিষয়ে ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ বলেন, “বিষয়টি আগে আমার নজরে আসেনি। এখন জানতে পেরেছি। দ্রুত খোঁজ নিয়ে ওই বৃদ্ধার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।” মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম বলেন, “বিষয়টি অত্যন্ত মানবিক। আমরা দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে খোঁজখবর নিয়ে তাঁর জন্য সরকারি সহায়তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করব।” এলাকাবাসী ও সচেতন মহল মনে করছেন, প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের সম্মিলিত উদ্যোগেই একজন অসহায় বিধবা বৃদ্ধার মানবিক জীবন নিশ্চিত করা সম্ভব। মানবতার খাতিরে দ্রুত প্রয়োজনীয় সহায়তা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন তাঁরা।

















