প্রতিনিধি 10 March 2026 , 12:27:24
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :


হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের এই জরিমানা করা হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ ২০২৬) অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ছেনু মিয়ার ছেলে মো. ইমন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) অভিযানে মাধবপুর উপজেলার আফজালপুর গ্রামের খেলু মিয়ার ছেলে মো. খলিল মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পৃথক দুইটি মামলায় দুইজনের কাছ থেকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানকালে অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। এ সময় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















