• জাতীয়

    সংসদ সদস্য সৈয়দ ফয়সলের উদ্যোগে চা বাগানে পানি সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন

      প্রতিনিধি 24 February 2026 , 4:04:31

    এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি :

    হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের দিকনির্দেশনা ও তাঁর সুযোগ্য সন্তান সৈয়দ শাফকাত আহমেদের তত্ত্বাবধানে চাকলাপুঞ্জি চা বাগান এলাকায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। চুনারুঘাট উপজেলার এ চা বাগানের শতাধিক শ্রমিক পরিবার এখন গভীর নলকূপের মাধ্যমে নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছেন। স্থানীয়দের মতে, এ উদ্যোগ শ্রমিকদের জীবনে বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। জানা গেছে, উঁচু এলাকায় অবস্থিত হওয়ায় চাকলাপুঞ্জি চা বাগানে দীর্ঘদিন ধরে পানযোগ্য পানির তীব্র সংকট ছিল। স্থায়ী নলকূপ বা বিশুদ্ধ পানির কোনো উৎস না থাকায় শ্রমিক পরিবারগুলোকে দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করতে হতো। অনেক সময় অপরিষ্কার ও জীবাণুযুক্ত পানি পান করায় নারী ও শিশুসহ শ্রমিকরা পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হতেন, যা তাদের স্বাস্থ্যঝুঁকি ও দৈনন্দিন জীবনে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। জাতীয় সংসদ নির্বাচনের সময় সৈয়দ শাফকাত আহমেদ সরেজমিনে বাগানটি পরিদর্শন করে শ্রমিকদের দুর্দশার বিষয়টি সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলকে অবহিত করেন। পরবর্তীতে তাঁর নির্দেশনায় সেখানে একটি গভীর নলকূপ স্থাপন করা হয় এবং পাইপলাইনের মাধ্যমে শ্রমিক পরিবারগুলোর মধ্যে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা হয়। চা শ্রমিক হৈমন্তি সাঁওতাল বলেন, আগে অনেক দূর থেকে পানি এনে ব্যবহার করতে হতো। নোংরা ও অপরিষ্কার পানি পান করে অসুস্থ হওয়ার ঘটনাও ঘটতো। এখন গভীর নলকূপ হওয়ায় বিশুদ্ধ পানি পাচ্ছি, এতে আমাদের কষ্ট অনেকটাই কমে গেছে। এজন্য আমরা আমাদের মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে চা শ্রমিকদের জীবনমান আরও উন্নত হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :