প্রতিনিধি 24 February 2026 , 6:56:58
মনির হোসেন, যশোর প্রতিনিধি :


যশোরের চৌগাছা উপজেলায় সন্ত্রাসী হামলায় আহত সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহিনুর রহমান শাহিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের কুঠিপাড়া মোড়ে হামলার শিকার হন। নিহত শাহিন চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি দুই শিশু সন্তানের জনক। স্থানীয় ও পারিবারিকসূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের তার দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে কুঠিপাড়া মোড়ে দাঁড়িয়ে স্থানীয়দের সাথে কথা বলছিলেন সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন। এসময় পেছন থেকে স্থানীয় সন্ত্রাসীরা এসএস পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তির বুধবার ভোরে তার মাথায় অপারেশন করা হয়। তখন চিকিৎসকরা বলেছিলেন, ৭২ ঘন্টা পার না হলে কিছুই বলা যাবে না। তবে ৭২ ঘন্টা পার হলেও তার জ্ঞান ফেরেনি। অবশেষে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, শুনেছি চিকিৎসাধীন অবস্থায় সাবেক কাউন্সিলর শাহিন মারা গেছেন। এখনো এ সংক্রান্ত ডকুমেন্টস পাইনি। পরিবারের পক্ষ থেকেও কোন লিখিত অভিযোগ করা হয়নি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















