• জাতীয়

    নির্বাচন ঘিরে অভিযান জোরদার যশোরে বিজিবির অভিযানে বিদেশি গ্যাস পিস্তলসহ অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

      প্রতিনিধি 7 February 2026 , 5:51:20

    মনির হোসেন যশোর প্রতিনিধি :

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসী তৎপরতা দমনে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারটি ভারতীয় এয়ারগান, একটি বিদেশি গ্যাস পিস্তল এবং বিপুল পরিমাণ অস্ত্রের আনুষাঙ্গিক সরঞ্জাম উদ্ধার করেছে ৪৯ বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আন্দুলিয়া বিওপির একটি টহল দল চৌগাছা উপজেলার দৌলতপুর গ্রামের একটি মাঠ এলাকা থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করানোর প্রস্তুতি চলছিল বলে ধারণা করা হচ্ছে। বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতে যাতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা অপরাধচক্র সক্রিয় হতে না পারে, সে জন্য যশোর সীমান্তজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ অস্ত্র, চোরাচালান ও সন্ত্রাসী তৎপরতা রোধে নিয়মিতভাবে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নির্বাচন ঘিরে যশোর অঞ্চলে যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। সীমান্ত এলাকা এখন বাড়তি নজরদারির আওতায় রয়েছে এবং সন্দেহভাজন চলাচলের ওপর রাখা হচ্ছে কড়া পর্যবেক্ষণ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :