প্রতিনিধি 31 January 2026 , 4:58:16
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘গড়াবো–২০২৬’ কর্মসূচি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দেশের সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধ, মাদক পাচার রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মাধবপুর নির্বাচনী বেইজক্যাম্পে শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সরাইল রিজিয়ন (সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লা ও ময়মনসিংহ) অধিনায়ক বিজিবির কর্নেল বি এম তৌহিদ হাসান, এএফডব্লিউসি, পিএসসি এবং হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে বিজিবির ৪টি সেক্টরের অধীনে ৮টি রিজিয়ন ও ৪৬টি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। এর মধ্যে সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লা ও ময়মনসিংহ রিজিয়নের সীমান্তবর্তী জেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বক্তব্যে কর্নেল বি এম তৌহিদ হাসান বলেন, “পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।” তিনি আরও জানান, সরাইল রিজিয়নের অধীন ১৭ জেলার ৫৬টি সংসদীয় আসনের ৯২টি উপজেলায় ৩৩০টি প্লাটুনে প্রায় ৬ হাজার ৬০০ বিজিবি সদস্য মোতায়েন থাকবে। সীমান্তবর্তী ৬টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবেও দায়িত্ব পালন করবে বিজিবি। এদিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, শ্রীমঙ্গল সেক্টরের অধীন হবিগঞ্জ ব্যাটালিয়ন এলাকায় নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে ১৭টি প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। জেলার ৮টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ১৭টি উপজেলায় অবস্থিত প্রায় ৪৭৯টি ভোটকেন্দ্রে ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নিয়মিত টহল, চেকপোস্ট ও মোবাইল টিম পরিচালনা করা হচ্ছে। চোরাচালান প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন ৪টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একাধিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে মাদকদ্রব্য, ভারতীয় বিভিন্ন পণ্যসহ প্রায় ২৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়। একই সময়ে চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত ৭২ জনকে আটক করা হয়েছে। এছাড়া সীমান্ত এলাকা থেকে ১০টি ভারতীয় গরু ও ২টি কচ্ছপ উদ্ধার করা হয়। বিজিবি কর্মকর্তারা আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও আইনবহির্ভূত কার্যক্রম প্রতিরোধে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ ও র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। প্রেস ব্রিফিংয়ে হবিগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

















