• জাতীয়

    মাধবপুর–চুনারুঘাটে অনিয়ম ও দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে : সৈয়দ মোঃ ফয়সল

      প্রতিনিধি 27 January 2026 , 7:36:53

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

    হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, মাধবপুর ও চুনারুঘাটে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, দুর্নীতি এবং জুলুম–নির্যাতন চিরতরে বন্ধ করা হবে। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এ দেশের সব ধর্মের মানুষ সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করার সাংবিধানিক অধিকার রাখে। কোনো গোষ্ঠী যদি দুর্বল মানুষের ওপর জুলুম–নির্যাতন চালায়, তা কঠোর হাতে দমন করা হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে চুনারুঘাট উপজেলার গণেশপুর চৌধুরী বাজারে কাপাই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ মোঃ ফয়সল আরও বলেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। বিএনপির শাসনামলে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করেছে। ভবিষ্যতেও ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কল্যাণে ৩১ দফার রাষ্ট্র সংস্কার কর্মসূচির রূপরেখা ঘোষণা করেছেন। এই কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি দল–মত, জাতি–গোষ্ঠী নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মাধবপুর–চুনারুঘাট আসন বিএনপিকে উপহার দেওয়ার আহ্বান জানান তিনি। সৈয়দ মোঃ ফয়সল বলেন, “আমরা মাধবপুর ও চুনারুঘাটকে নতুনভাবে উন্নয়ন করতে চাই, যাতে এর সুফল এলাকার প্রতিটি নাগরিক ভোগ করতে পারে। আমার কাছে সবার আগে দেশ ও দেশের মানুষ।” একই দিন বিএনপি নেতা ও শিল্পপতি সৈয়দ শাফকাত আহমেদ কাপাই চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, “চা শ্রমিকরা এই এলাকার প্রাণশক্তি। তাদের জীবনমান উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।” তিনি চা শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা ও বাসস্থানের উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়া একই দিন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান এবং সায়হাম গ্রুপের এমডি ও বিএনপি নেতা সৈয়দ ইশতিয়াক আহমেদ চৌমুহনী, বিষ্ণুপুর, মনতলা ও মাধবপুর পৌর শহরে দিনভর ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তারা বলেন, “এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া উন্নয়ন সম্ভব নয়।” ভোটারদের উদ্দেশে তারা বলেন, ধানের শীষে ভোট দিলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে। প্রতিহিংসার রাজনীতি নয়, উন্নয়নের রাজনীতি করাই বিএনপির লক্ষ্য। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা–বাণিজ্যের সুযোগ বাড়ানো হবে। দিনব্যাপী এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :