• জাতীয়

    হবিগঞ্জ–৪: চা শ্রমিকদের মাঝে ধানের শীষে ভোট উৎসাহ জাগাচ্ছেন সৈয়দ শাফকাত

      প্রতিনিধি 27 January 2026 , 7:34:15

    ম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি :

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের চা বাগান অধ্যুষিত এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা জোরালো হচ্ছে। চা শ্রমিকদের মধ্যে গণসংযোগ চালিয়ে এ প্রচারণায় অগ্রভাগে রয়েছেন বিএনপি নেতা ও শিল্পপতি সৈয়দ শাফকাত আহমেদ। সোমবার (২৬ জানুয়ারি) চুনারুঘাট উপজেলার গিলানি দেউন্দি চা বাগানে দিনব্যাপী গণসংযোগে অংশ নেন সৈয়দ শাফকাত আহমেদ। এ সময় তিনি চা শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান। তার উপস্থিতিতে শ্রমিকদের মধ্যে উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই নিজেদের সুখ-দুঃখ ও দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন। চা শ্রমিকরা বলেন, সৈয়দ শাফকাত আহমেদ দীর্ঘদিন ধরে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক উদ্যোগের মাধ্যমে চা বাগানের মানুষের পাশে রয়েছেন। এক শ্রমিক বলেন, “তিনি আমাদের আপনজনের মতো। বিপদে-আপদে পাশে পেয়েছি বলেই আমরা ধানের শীষের পক্ষে।” চা শ্রমিক নারী নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার বলেন, “শাফকাত আহমেদ একজন মানবতাবাদী মানুষ। শ্রমিকদের সঙ্গে মিশে তিনি আমাদের আস্থা অর্জন করেছেন। নিরাপত্তা ও ভবিষ্যৎ উন্নয়নের কথা ভেবেই আমরা ধানের শীষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পান বলেন, “খেলাধুলা, সামাজিক কার্যক্রম এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যায় তিনি সব সময় পাশে থাকেন। তার উদ্যোগে অনেক শ্রমিক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।” গণসংযোগকালে সৈয়দ শাফকাত আহমেদ বলেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের ন্যায্য অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ জীবনের নিশ্চয়তা দেওয়া হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :