প্রতিনিধি 26 December 2025 , 9:03:32
ইস্রাফিল খান, কোটালীপাড়া (গোপালগঞ্জ):


গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রচণ্ড শীতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ। গভীর রাতে নিজে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শতাধিক ছিন্নমূল ও শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। শীতের তীব্রতায় কষ্টে থাকা রাস্তার ধারে আশ্রয় নেওয়া ছিন্নমূল মানুষ, ভ্যানচালক ও ঘরবন্দি অসহায়দের খোঁজে হঠাৎ করেই মাঠে নামেন এসিল্যান্ড মো. মাসুম বিল্লাহ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের একজন কর্মকর্তাকে গভীর রাতে এভাবে পাশে পেয়ে অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। কারও চোখে ছিল স্বস্তির জল, কারও মুখে কৃতজ্ঞতার ভাষা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন,
“প্রচণ্ড শীতে কেউ যেন কষ্ট না পায়—এই চিন্তা থেকেই গভীর রাতে বের হয়েছি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক শীতার্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের তীব্রতা অব্যাহত থাকলে প্রয়োজন অনুযায়ী এ ধরনের কম্বল বিতরণ কার্যক্রম আগামী দিনগুলোতেও চলমান থাকবে।
এদিকে, প্রশাসনের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের জন্য স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করে ভূয়সী প্রশংসা করেছেন।

















