প্রতিনিধি 10 March 2026 , 3:34:28
এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি :


হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে অভিনব কায়দায় ট্রাকভর্তি বালুর নিচে লুকিয়ে রাখা প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার চশমা জব্দ করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ সাফল্য অর্জন করে। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে এক বিশেষ অভিযানে পাচারের সময় বিপুল পরিমাণ এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটি থামান। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, ট্রাকটিতে থাকা বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং বিভিন্ন প্রকার চশমা লুকিয়ে রাখা হয়েছে। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১ কোটি ৫৫ লাখ টাকা বলে জানা গেছে। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। মঙ্গলবার রাতে এ বিষয়ে বিজিবির লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে ৫৫ বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতিকে সুসংহত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

















