প্রতিনিধি 19 December 2025 , 4:22:01


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২ এর আওতায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত
ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা এলাকা থেকে ইকবাল পাঠানকে গ্রেফতার করা হয়। তিনি মাধবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। ইকবাল পাঠান ওই ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের আব্দুস সালামের ছেলে।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা এলাকা থেকে কাওছার আহম্মেদকে আটক করে পুলিশ। তিনি মাধবপুর উপজেলা যুবলীগের সদস্য এবং ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। কাওছার আহম্মেদ বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. জহির মিয়ার ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহানুর ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, এসআই বিজয় জানান, কাওছার আহম্মেদকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে তদবির করা হলেও পুলিশ তা আমলে নেয়নি। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয়দের মতে, ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানের মাধ্যমে এলাকায় অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থান আরও স্পষ্ট হয়েছে।

















