• জাতীয়

    কোটালীপাড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে বৃদ্ধা আহত

      প্রতিনিধি 20 November 2025 , 5:07:55

    ইস্রাফিল খান, গোপালগঞ্জ (জেলা) প্রতিনিধি:

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় কুড়িয়ে পাওয়া ককটেলের বিস্ফোরণে লাল মোন বিবি (৬৫) নামে এক টোকাই বৃদ্ধা আহত হয়েছেন। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
    বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাধাগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    আহত লাল মোন বিবি কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের মৃত আশরাফ আলী সরদারের স্ত্রী।

    ভাঙ্গারহাট নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এমদাদুল হক বলেন, “লাল মোন বিবি একজন টোকাই। তিনি বিভিন্ন এলাকা থেকে লোহা, প্লাস্টিকের বোতল, কাগজসহ নানা মালামাল কুড়িয়ে এনে ভাঙ্গারির দোকানে বিক্রি করেন। প্রতিদিনের মতো আজও সারাদিন মালামাল কুড়িয়ে রাধাগঞ্জ এলাকায় বসে বাছাই করছিলেন। এসময় তার সংগ্রহে থাকা লাল টেপে মোড়ানো একটি জর্দার কৌটা (ককটেল) বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।”

    কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, “মহিলার বাম হাতের বৃদ্ধাঙ্গুলির নিচে গভীর ক্ষত হয়েছে। এছাড়া গাল ও বাম হাতের কনুইয়ের ওপরে কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।”

    কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :