প্রতিনিধি 5 November 2025 , 5:37:14
এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি:


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে অবাধে খোলামেলা ভাবে বালু বহন করা হচ্ছে। প্রতিদিনই ট্রাক, ডাম্পার ও ট্রাক্টরে বালু বোঝাই করে কোনো প্রকার ঢাকনা ছাড়াই চলাচল করছে। এতে বালুর ধুলোবালিতে একদিকে যেমন দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে, তেমনি চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারীরা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, মহাসড়কে বালু বহনের সময় বাতাসে উড়ন্ত ধুলো চোখে-মুখে লাগায় যাত্রী ও মোটরসাইকেল আরোহীরা প্রায়ই বিপদে পড়েন। অনেক সময় সামনে দৃশ্য না দেখা যাওয়ায় দুর্ঘটনাও ঘটে। দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতি চললেও প্রশাসনের কোনো দৃশ্যমান ব্যবস্থা নেই।
বিশেষ করে মাধবপুর উপজেলার বেজুড়া, নয়াপাড়া, শাহজীবাজার, জগদীশপুর, মাধবপুরসহ বিভিন্ন স্থানে এ খোলামেলা বালু পরিবহন প্রতিদিন দেখা যায়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের হবিগঞ্জ নির্বাহী প্রকৌশলী বলেন, “মহাসড়কে খোলা ট্রাকে বালু বহন করা আইনত দণ্ডনীয়। আমরা নিয়মিত ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে এসব বিষয় নজরদারি করছি, তবে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
হবিগঞ্জ হাইওয়ে পুলিশের শায়েস্তাগঞ্জ অঞ্চলের ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, “মহাসড়কে খোলা ট্রাকে বালু পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের নিয়মিত টহল দল এ ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। প্রতিদিনই মামলা দেওয়া হচ্ছে। কোথাও অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হবে।”
অন্যদিকে হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানিয়েছেন, “খোলা বালু পরিবহনের কারণে যদি জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”
পরিবেশ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কর্মকর্তা বলেন, “এভাবে খোলা বালু পরিবহন পরিবেশ আইনের লঙ্ঘন। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মাধপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, “বালু পরিবহনে অনুমোদনবিহীন বা পরিবেশবিধি লঙ্ঘনের বিষয়টি কঠোরভাবে দেখা হচ্ছে। প্রয়োজন হলে সরেজমিনে অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহলের দাবি—সড়ক দুর্ঘটনা রোধে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

















