প্রতিনিধি 3 November 2025 , 5:59:32
বাবুগঞ্জ প্রতিনিধিঃ


বরিশালের বাবুগঞ্জে এয়ারপোর্ট এলাকার একটি নতুন নির্মাণাধীন ভবনে ছাদ ঢালাই করার সময় হঠাৎ করে ছাদ ভেঙে নিচে পড়ে যায়। এতে সেখানে কাজ করা কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে গেটের দায়িত্বে থাকা আনসার বাহিনীর সদস্যরা তাদের প্রবেশে বাধা দেন। এসময় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনাটির প্রকৃত তথ্য জানতে ব্যর্থ হন।
ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানান, ছাদ ঢালাইয়ের সময় সাধারণত একাধিক শ্রমিক কাজ করে থাকেন। তবে সাংবাদিকরা প্রবেশ করতে না পারায় কতজন শ্রমিক আহত হয়েছেন কিংবা কেউ নিহত হয়েছেন কিনা—এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
নির্মাণ কাজে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে চেষ্টা করা হলেও এখনও কোনো দায়িত্বশীল ব্যক্তির মন্তব্য বা তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ঘটনাটি তদন্ত এবং সঠিক তথ্য সংগ্রহের চেষ্টা অব্যাহত রয়েছে।

















