• জাতীয়

    স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে এমপি সৈয়দ মো. ফয়সলের একান্ত সাক্ষাৎ

      প্রতিনিধি 29 August 2026 , 4:12:33

    এম এ কাদের, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। সাক্ষাৎকালে সংসদ সদস্য তাঁর নির্বাচনী এলাকার মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন গ্রামীণ এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো মন্ত্রীর কাছে তুলে ধরেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক, গুরুত্বপূর্ণ যোগাযোগপথ, সেতু ও কালভার্ট নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন। এ সময় এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাটের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার সঙ্গে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অনেক সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে এসব দুর্ভোগ আরও বেড়ে যায়। তাই গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত সংস্কার ও উন্নয়ন করা প্রয়োজন। তিনি আরও বলেন, মাধবপুর-চুনারুঘাটের গ্রামীণ অর্থনীতি অনেকটাই কৃষিনির্ভর। যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ কারণে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে গুরুত্বপূর্ণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ এবং সংস্কারকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। সাক্ষাৎকালে সংসদ সদস্য তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এ সময় মন্ত্রী ড. আব্দুল মঈন খান এমপির বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং মাধবপুর ও চুনারুঘাটের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন বলে জানা গেছে। এ সাক্ষাতের মধ্য দিয়ে মাধবপুর-চুনারুঘাটের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান ও অবকাঠামোগত উন্নয়নে নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :