প্রতিনিধি 16 August 2026 , 6:13:06
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার:


শেরপুরের শ্রীবরদী উপজেলায় শাপলা ফুল তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর আরমান আকন্দ (১৬)-কে গ্রেফতার করে। গ্রেফতার আরমান আকন্দ শ্রীবরদী উপজেলার শেখদী আকন্দ বাড়ি গ্রামের সোলায়মান আকন্দের ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে স্থানীয় বইশা বিল থেকে শাপলা ফুল তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ফুসলিয়ে মাটিয়াকুড়া গ্রামের নুরুল ইসলামের বসতবাড়ির একটি পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে যায় আরমান। সেখানে নিয়ে শিশুটিকে যৌন নির্যাতন করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা শনিবার গভীর রাতে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ জানান, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হবে এবং পরবর্তীতে আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হবে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আরমান আকন্দকে গ্রেফতার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার প্রাথমিক সত্যতা মিলেছে। রবিবার দুপুরে গ্রেফতারকৃত কিশোরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

















