• জাতীয়

    মাধবপুরে নিখোঁজের দুই দিন পর বর্ষার পানিতে মিলল যুবকের ভাসমান মরদেহ   

      প্রতিনিধি 20 July 2026 , 2:54:47

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রাম থেকে নিখোঁজের দুই দিন পর আলী হোসেন (২২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল আহাদের ছেলে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, গত শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার পর থেকে আলী হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রোববার ধর্মঘর এলাকায় মাইকিং করা হয়। পাশাপাশি স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সন্ধান চেয়ে একাধিক পোস্ট করেন। সোমবার (২০ জুলাই) সকাল ৭টার দিকে মহাদেবপুর গ্রামে আলী হোসেনের বাড়ি থেকে প্রায় ৭০০ গজ দূরে বর্ষার পানিতে ডুবে থাকা একটি জমিতে তার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, কয়েকদিন পানিতে থাকায় মরদেহ কিছুটা ফুলে গিয়েছিল। নিহতের বাবা আব্দুল আহাদ জানান, আলী হোসেন একটি হোটেলে কাজ করার পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন। হঠাৎ কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে পরিবারেও দেখা দিয়েছে নানা প্রশ্ন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :