• জাতীয়

    মাদকের থাবায় অরক্ষিত উত্তর সালুয়া মসজিদের দান বাক্স, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর

      প্রতিনিধি 13 July 2026 , 6:35:11

    শাহ নবী ​কুলিয়ারচর প্রতিনিধি:

    কিশোরগঞ্জের কুলিয়ারচরের সালুয়া ইউনিয়নে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে মাদকের বিস্তার। মাদকাসক্তদের হাত থেকে রেহাই পাচ্ছে না পবিত্র মসজিদের দান বাক্সও। সম্প্রতি উত্তর সালুয়া বায়তুল ফালাহ জামে মসজিদে ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ​স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর সালুয়া বায়তুল ফালাহ জামে মসজিদে আগে একটি কাঠের তৈরি দান বাক্স ছিল। পরবর্তীতে সেটি পরিবর্তন করে ‘কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম’-এর অর্থায়নে একটি পাকা ও মজবুত দান বাক্স নির্মাণ করে দেওয়া হয়। নতুন এই দান বাক্সটি হওয়ার পর মুসল্লি ও স্থানীয় সাধারণ মানুষ ভেবেছিলেন এটি হয়তো নিরাপদ থাকবে। কিন্তু সালুয়া ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তারের কারণে মাদকাসক্ত চোরদের হাত থেকে রক্ষা পায়নি এই সুরক্ষিত দান বাক্সটিও। ​এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়নে মাদকের কেনাবেচা ও সেবন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় চুরির মতো অপরাধ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মাদক কেনার টাকা জোগাড় করতে আসক্ত যুবকেরা এখন ধর্মীয় উপাসনালয়েও হানা দিতে দ্বিধাবোধ করছে না। পাকা ও মজবুত দান বাক্স ভেঙে টাকা চুরির ঘটনা তারই প্রমাণ। ​পবিত্র মসজিদের দান বাক্সও মাদকের ছোবলে অনিরাপদ হয়ে ওঠায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তারা জানান, শুধু দান বাক্স রক্ষা করাই মূল বিষয় নয়, সালুয়া ইউনিয়নকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করা এখন সময়ের দাবি। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সালুয়া ইউনিয়নে দ্রুত মাদক নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। স্থানীয় সচেতন মহল এই বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর দৃষ্টি আকর্ষণ করছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :