• জাতীয়

    মাধবপুরে পরিত্যক্ত নবজাতকের নতুন ঠিকানা : উন্নত চিকিৎসায় প্রশাসনের উদ্যোগ

      প্রতিনিধি 10 July 2026 , 7:41:25

    ম এ কাদের, মাধবপুর (হবিগঞ্জ) থেকে :

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া নবজাতকটি অবশেষে প্রাথমিকভাবে একটি নতুন ঠিকানা পেয়েছে। স্থানীয়দের মানবিক উদ্যোগ ও উপজেলা প্রশাসনের তৎপরতায় শিশুটি এখন নিরাপদ আশ্রয়ে রয়েছে। একই সঙ্গে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় উদ্যোগ। স্থানীয়রা মহাসড়কের পাশ থেকে কান্নার শব্দ শুনে নবজাতকটিকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে আপাতত নোয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এক নিঃসন্তান দম্পতির জিম্মায় রাখা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান সমাজসেবা অধিদপ্তর ও জেলা সমাজসেবা কার্যালয়ে প্রয়োজনীয় আবেদন প্রক্রিয়া শুরু করেন। একই সঙ্গে আইনানুগ প্রক্রিয়ায় শিশুটিকে নিঃসন্তান দম্পতির কাছে দত্তক হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করতে মাধবপুর উপজেলা সমাজসেবা অফিসকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, নবজাতকটির দুই পায়ে জন্মগত কিছু সমস্যা রয়েছে। এছাড়া আরও কিছু শারীরিক জটিলতার আশঙ্কা থাকলেও ঢাকার বিশেষায়িত হাসপাতালে উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অত্যন্ত আশাব্যঞ্জক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান জানান, শিশুটির উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাইল হোসেন রাহি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে ফিরে আসা এই নিষ্পাপ শিশুটির সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন প্রশাসনের কর্মকর্তারা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :