প্রতিনিধি 5 July 2026 , 2:44:31
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :


হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদকসেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দণ্ডাদেশ প্রদান করেন। জানা গেছে, মাধবপুর-চুনারুঘাট এলাকার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সালের উদ্যোগে গত ১ জুলাই ২০২৬ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা জোরদারে ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এরই ধারাবাহিকতায় আনসারের প্লাটুন কমান্ডার ইয়াসিন খানের নেতৃত্বে পরিচালিত নিয়মিত টহল ও নজরদারির সময় পৌরসভার কাচারি গ্রামের আকবর আলীর ছেলে কাওসার (২৫)-কে মাদকসেবনের অভিযোগে আটক করা হয়। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতাল প্রাঙ্গণে রোগী, তাদের স্বজন, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে আনসার সদস্যরা নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রেখেছেন। সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক এ অভিযানের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হয়েছে। এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

















