• অন্যান্য

    নিখোঁজ মাদক কারবারিকে উদ্ধারের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

      প্রতিনিধি 24 June 2026 , 11:50:59

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

    হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। আজ বুধবার (২৪ জুন) সকালে আখাউড়া-সিলেট রেলপথের হরষপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন তারা। নিখোঁজ ওই মাদক ব্যবসায়ীর নাম ফুয়াদ হাসান সাকিব। তিনি উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধর্বপুর এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ সকালে শতাধিক মানুষ স্টেশনে জড়ো হয়ে নিখোঁজ সাকিবকে দ্রুত উদ্ধারের দাবিতে স্টেশনে আসে। হরষপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জাহিদ হোসেন আগামীর সময়কে জানিয়েছেন, বিক্ষুব্ধ লোকজন রেললাইনের ওপর অবস্থান নেয়। বন্ধ হয়ে যায় কালনী এক্সপ্রেস ট্রেন। পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধকারীদের সরিয়ে নেওয়া হলে নির্ধারিত সময়ের আট মিনিট পর চলতে শুরু করে ট্রেন। স্থানীয়রা জানালেন, সাকিবের বাবা সিরাজুল ইসলাম গন্ধর্বপুর এলাকায় একটি মাছের খামার লিজ নিয়ে ব্যবসা করেন। গত ২১ জুন গভীর রাতে ওই খামারে আরেক মাদক ব্যবসায়ী মাহফুজেরর গ্রুপ সশস্ত্র হামলা চালায়। ঘটনাস্থলে ছিলেন সাকিব। এরপর থেকেই তিনি নিখোঁজ। পরদিন একদল সাকিবের অনুসারী একদল লোক মাহফুজের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সাকিবের বাবা সিরাজুল ইসলাম মাধবপুর থানায় পরদিন লিখিত অভিযোগ করেছেন। তাতে ১২ জনের নাম উল্লেখ করে আরও ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ব্যবসায়িক বিরোধের জেরে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল মাছের খামারে হামলা চালায়, গুলি ছোড়ে এবং সাকিবকে তুলে নিয়ে যায়। তার কোনো খোঁজ না মেলায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে গত সোমবার অভিযুক্ত মাহফুজ মিয়ার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে। তবে মাহফুজ মিয়া এসব অভিযোগ অস্বীকার করেছেন। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানিয়েছেন, নিখোঁজ সাকিবকে উদ্ধারে পুলিশ কাজ করছে। পাশাপাশি আগুনের ঘটনাও তদন্ত করা হচ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :