প্রতিনিধি 13 May 2026 , 6:55:25
এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি :


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন চা বাগানে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অবকাঠামোগত সমস্যা সমাধানে ২০ লাখ টাকার বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল-এর উদ্যোগে গৃহীত এ প্রকল্পের মাধ্যমে উপজেলার কয়েক হাজার শ্রমিক পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চা শ্রমিকদের যাতায়াত ব্যবস্থা, ড্রেনেজ সংকট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের আওতায় দেউন্দি চা বাগানে বসুন্ধরা ব্রিজের গাইড ওয়াল নির্মাণে ২ লাখ টাকা এবং ব্রজানন্দ মন্দির লাইনের রাস্তার দুটি কালভার্ট নির্মাণে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চান্দপুর চা বাগানে চান্দপুর বাসস্ট্যান্ড থেকে চান্দপুর বাজার পর্যন্ত দুই পাশে পাকা ড্রেন নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে ৪ লাখ টাকা। এ ছাড়া রামগঙ্গা চা বাগানের দুর্গা মন্দিরের পেছনে পাকা ড্রেন নির্মাণে ৪ লাখ টাকা, চাকলাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণে ২ লাখ টাকা এবং লালচান্দ চা বাগানের উচ্চ বিদ্যালয় সড়কে ইট সলিংয়ের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। একইভাবে নাসিনাবাদ চা বাগানের অফিস সড়ক থেকে প্রধান সড়ক পর্যন্ত ইট সলিংয়ের জন্য ২ লাখ টাকা এবং লস্করপুর দুর্গা মন্দির চৌমুহনা থেকে অনিল কালিন্দীর বাড়ি পর্যন্ত রাস্তার ইট সলিংয়ের জন্য আরও ২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। চা শ্রমিক রঞ্জিত কালিন্দী বলেন, “সৈয়দ শাফকাত আহমেদ ব্যক্তিগত অর্থায়নে আমাদের পানির সমস্যা সমাধানে সহযোগিতা করেছেন। মন্দির উন্নয়ন করেছেন এবং বাগানের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দিয়েছেন। আগে অনেক কষ্ট ছিল, এখন মনে হচ্ছে আমাদের কথাও গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে।” সৈয়দ শাফকাত আহমেদ বলেন, “চা শ্রমিকরা এ অঞ্চলের গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী। তাদের দীর্ঘদিনের সমস্যা ও প্রয়োজনগুলো বিবেচনায় নিয়ে ধাপে ধাপে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। শুধু অবকাঠামো নয়, শ্রমিক পরিবারের জীবনমান উন্নয়নেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

















