মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়জুল্লাহর বিরুদ্ধে টানা কয়েকদিন বিদ্যালয়ে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মোঃ ফয়জুল্লাহ গত ২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। পরে হাজিরা খাতায় স্বাক্ষর করার চেষ্টা করলে বিষয়টি সামনে আসে। বিদ্যালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, প্রধান শিক্ষক ফয়জুল্লাহ প্রায়ই এভাবে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। পরে উপজেলা শিক্ষা অফিসকে ম্যানেজ করে বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এর আগেও ২০২৫ সালে তিনি টানা ৮ থেকে ৯ দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সূত্রগুলো আরও জানায়, গত ২৪ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত থাকার পর বুধবার (৬ মে) শিক্ষা অফিসের মাধ্যমে ওই সময়ের জন্য নৈমিত্তিক ছুটি মঞ্জুর করিয়ে নেন তিনি। তবে সকল অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মোঃ ফয়জুল্লাহ বলেন, “আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। যারা আমার কাছ থেকে অন্যায় সুবিধা নিতে পারে না, তারাই এসব বানোয়াট তথ্য ছড়াচ্ছে।” এ বিষয়ে রতনপুর ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন বলেন, “ফয়জুল্লাহ একজন নিবেদিত প্রাণ শিক্ষক। তিনি পারিবারিক প্রয়োজনে আমার কাছ থেকে ছুটি নিয়ে গাজীপুরে নিজ বাড়িতে গিয়েছিলেন।” মাধবপুর উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান বলেন, “আমরা কাউকে কোনো অন্যায় করার সুযোগ দেই না। নিয়মিতভাবে সবকিছু মনিটরিং করা হয়।”




















Visit Today : 348
Visit Yesterday : 0
This Month : 348
This Year : 110718
Total Visit : 136669
Who's Online : 1
