• জাতীয়

    হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে সৈয়দ শামীম আনোয়ারকে দেখতে চায় জেলাবাসী

      প্রতিনিধি 18 March 2026 , 6:38:06

    এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি:

    হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে সৈয়দ মোঃ শামীম আনোয়ার–কে দেখতে চায় জেলার সর্বস্তরের জনগণ—এমন দাবি রাজনৈতিক ও সামাজিক মহলে জোরালোভাবে উঠেছে। একজন পরীক্ষিত, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। জানা যায়, সৈয়দ মোঃ শামীম আনোয়ার হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য হিসেবে বিপুল ভোটে দুইবার নির্বাচিত হন। পরবর্তীতে সদস্যদের ভোটে তিনি পরপর দুইবার প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা, দক্ষতা ও সাহসিকতার সঙ্গে কাজ করেছেন বলে সংশ্লিষ্ট মহলের অভিমত রয়েছে। তিনি মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি সাবেক পার্লামেন্ট সেক্রেটারি ও সংসদ সদস্য সৈয়দ সঈদ উদ্দিন আহমেদ–এর ছেলে। এছাড়া তিনি সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোঃ কায়সার–এর ছোট ভাই এবং সায়হাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপি সভাপতি, হবিগঞ্জ–৪ আসনের বর্তমান সংসদ সদস্য এস এম ফয়সল–এরও ছোট ভাই। সূত্র জানায়, বিএনপি ঘরানার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও তিনি জেলা পরিষদের নির্বাচনে সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সহকর্মীদের আস্থায় প্যানেল চেয়ারম্যান হন। বিগত সরকারের সময় তার ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে। এক সভায় ‘জয় বাংলা’ স্লোগান দিতে বলা হলে তিনি সভাস্থল ত্যাগ করেন এবং বলেন, “আমি বিএনপির কর্মী ও জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি—জনগণের কথাই বলতে হবে।” রাজনৈতিক জীবনে তিনি নোয়াপাড়া ইউনিয়ন যুবদল ও বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মাধবপুর উপজেলা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় প্রতিকূল সময়েও নেতা-কর্মীদের আইনি সহায়তা প্রদানসহ তৃণমূলের পাশে ছিলেন বলে দলীয় সূত্র দাবি করেছে। এ বিষয়ে সৈয়দ মোঃ শামীম আনোয়ার বলেন, “দেশনায়ক তারেক রহমান যদি আমাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেন, তাহলে হবিগঞ্জবাসীর সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করব।” জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে প্রশাসক হিসেবে দেখার প্রত্যাশা ক্রমেই জোরালো হচ্ছে বলে জানা গেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :