প্রতিনিধি 15 March 2026 , 6:22:15
এম এ কাদের, ( মাধবপুর ):


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর বাজারে ঈদের কেনাকাটায় ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত বাজারের প্রতিটি দোকান, শপিং কর্নার ও ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে মানুষের ঢল নামতে দেখা গেছে। পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক, জুতা, প্রসাধনী সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে দূর-দূরান্ত থেকে ক্রেতারা ভিড় করছেন। বাজার ঘুরে দেখা যায়, কাপড়ের দোকান, জুতার দোকান, কসমেটিকস শপ ও শিশুদের পোশাকের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়তে থাকে। বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দোকানিদের ব্যস্ততা এবং ক্রেতাদের দরকষাকষিতে পুরো বাজারজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ঈদের কেনাকাটা করতে আসা মোছাঃ সালমা আক্তার বলেন, “ঈদকে ঘিরে পরিবারের সবাইকে নতুন কাপড় কিনে দিতে হয়। দাম কিছুটা বেশি হলেও সন্তানের মুখের হাসির জন্য কেনাকাটা করতেই হচ্ছে। বাজারে ভিড় বেশি, তবে পছন্দের জিনিস পাওয়া যাচ্ছে।” অন্যদিকে ব্যবসায়ীদের অনেকেই জানিয়েছেন, বাজারে ভিড় থাকলেও প্রত্যাশিত বেচাকেনা হচ্ছে না। মেসার্স নরেশ চন্দ্র রায় এন্ড সন্সের প্রোপ্রাইটর অসীম কুমার রায় বলেন, “আগের বছরগুলোতে ঈদের সময় যে পরিমাণ বিক্রি হতো, এবছর তা হচ্ছে না। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে বাজারে। মানুষ ঘুরছে বেশি, কিন্তু কেনাকাটা করছে কম।” ব্যবসায়ীদের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ঈদের আগের শেষ কয়েক দিনে বেচাকেনা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব মোরশেদ খান বলেন, “ঈদকে সামনে রেখে মাধবপুর বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চুরি, ছিনতাইসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাও শক্তিশালী করা হয়েছে।” সব মিলিয়ে ক্রেতাদের ভিড়ে মুখরিত মাধবপুর বাজারে ঈদের উৎসবের আমেজ তৈরি হলেও বিক্রি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাজারের নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

















