প্রতিনিধি 11 March 2026 , 4:59:21
এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি :


হবিগঞ্জ জেলা কারাগারে বন্দী রাসেল মিয়া (২৫) মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেল নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টায় কারাগারে থাকা অবস্থায় রাসেল পেটে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত কারা হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ১০টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, জ্বর ও মৃগী রোগের পাশাপাশি হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার কারণে মৃত্যু হতে পারে। নিহতের পরিবার কারা কর্তৃপক্ষের চরম অবহেলার অভিযোগ তুলেছেন। তারা দাবি করেছেন, রাসেলের গুরুতর অসুস্থ হওয়ার বিষয়টি আগেই কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু যথাযথ সময়মতো চিকিৎসা না পেয়ে অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে। এছাড়া নিহতের পরিবার সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। হবিগঞ্জ জেল সুপার মো. মজিবুল ইসলামকে বারবার ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি। পরে জেলার মো. বিলাল হোসেন জানান, কারা হাসপাতালে দায়িত্বরত ডাক্তার তানভীর শুভ বিষয়টি নজরদারি করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সিলেট বিভাগের অতিরিক্ত উপ-কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. আমিরুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষ হলে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে। এছাড়া যদি কারা কর্তৃপক্ষের কোনো অবহেলা বা গাফিলতি ধরা পড়ে, তা খতিয়ে দেখা হবে।

















