প্রতিনিধি 24 April 2026 , 5:34:57
শেখ ইস্রাফিল খান:


কোটালীপাড়া (গোপালগঞ্জ): গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড় এলাকায় ল্যাম্পপোস্টে আটকে পড়া একটি ঝুটশালিক পাখিকে ঘিরে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। অসহায় পাখিটির কিচিরমিচির ডাক আর অন্য পাখিদের উৎকণ্ঠিত ডানা ঝাপটানি দেখে পথচারীরাও থমকে দাঁড়ান। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সড়কের পাশে একটি ল্যাম্পপোস্টের মাথায় পাখিটির পা আটকে যায়। কিছুক্ষণের মধ্যেই আশপাশের আরও অনেক পাখি জড়ো হয়ে কিচিরমিচির শব্দে সঙ্গীটিকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। ঘটনাটি দেখতে স্থানীয় লোকজন জড়ো হলেও কেউ ল্যাম্পপোস্টে উঠে উদ্ধারের সাহস পাননি। এ সময় উপজেলার গোয়ালঙ্ক গ্রামের মুজিবুর শেখের ছেলে, ভ্যানচালক সুমন শেখ এগিয়ে আসেন। কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই তিনি দ্রুত ল্যাম্পপোস্ট বেয়ে ওপরে উঠে আটকে পড়া পাখিটিকে সতর্কতার সঙ্গে মুক্ত করেন। পরে পাখিটিকে নিরাপদে ছেড়ে দেন। সুমনের এই সাহসিকতায় উপস্থিত জনতা করতালিতে ফেটে পড়েন। স্থানীয় স্কুল শিক্ষক দীপক গাইন বলেন, পাখিটিকে উদ্ধারের জন্য কোটালীপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিল। তবে তাদের আসতে দেরি হচ্ছিল। এমন অবস্থায় সুমনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “অনেকে শুধু দাঁড়িয়ে দেখছিল, কেউ ঝুঁকি নিতে চায়নি। সুমন যেভাবে এগিয়ে এসেছে, এটি সত্যিই মানবিকতার বড় উদাহরণ।” উদ্ধারকারী সুমন শেখ বলেন, “পাখিটা অনেকক্ষণ ধরে কষ্ট পাচ্ছিল। দেখে আর চুপ থাকতে পারিনি। আল্লাহর ওপর ভরসা করে উঠে পড়ি। পাখিটাকে বাঁচাতে পেরে খুব ভালো লাগছে।” স্থানীয় প্রবীণ বাসিন্দা আব্দুল করিম বলেন, “একটি ছোট প্রাণ বাঁচাতে নিজের জীবন ঝুঁকিতে ফেলা সহজ নয়। সুমনের এই কাজ আমাদের সবাইকে মানবিক হতে শেখায়।” স্থানীয়রা জানান, সুমন শেখের এই মানবিক উদ্যোগ শুধু একটি ঝুটশালিক পাখির জীবনই রক্ষা করেনি, বরং সমাজে সহমর্মিতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল বার্তা ছড়িয়ে দিয়েছে।

















